নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: তিন মাস আগে বিয়ে করেছিলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিলাস চন্দ্র মন্ডল (৩১)। গতকাল ( ১৬ মে ২০২১) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (১৬ মে) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বৎসর। তিনি সদ্য বিবাহিত স্ত্রী, সহকর্মী, আত্মীয় স্বজন-বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

করোনার সম্মুখ সারির এ যোদ্ধা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৯ তম ব্যাচের সদস্য এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি)-এর ৩৮ তম ক্যাডারের কর্মকর্তা হিসেবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার এগ্রিকেয়ার২৪.কমকে জানান, বিলাস চন্দ্র মন্ডল ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। হরিরামপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন মাত্র দুই মাস আগে। গত বৃহস্পতিবার অসুস্থ হলে তাকে মানিকগঞ্জ ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরের দিন উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে গেলে মারা যান।

এদিকে তার মৃত্যুর খবরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কৃষিবিদ ইন্সটিটিউশনের মহাসচিব কৃষিবিদ মো খায়রুল আলম প্রিন্স, কেআইবি ঢাকা মেট্রোর সভাপতি কৃষিবিদ লিয়াকত আলী জুয়েল, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড: মো: তাসদিকুর রহমান সনেটসহ অনেকে। শোকবার্তায় সকলেই তার আত্নার শান্তি কামনা শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি স্বর্গবাসী হোক সে কামনা করেছেন।

এগ্রিকেয়ার/এমএইচ