নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ১০ অঞ্চলে তীব্র তাপমাত্রা বা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং চলমান থাকতে পারে।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানান, নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর ও সিলেট জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ । আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৩৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ০৮ মিনিট আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৬ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ