নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতে তাপমাত্রা সর্বনিন্মে নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ক্রমান্বয়ে কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। আজ রোববার (১৯ ডিসেম্বর ২০২১) রাতে তাপমাত্রা আরো কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ রাতে তাপমাত্রা অনেক কমে যাবে। মঙ্গলবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে। আগামী বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।

সাধারণত বড় কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং ৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে তা মাঝারি আকারের এবং তারও নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়।

আবহওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে।

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ও কক্সবাজারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর আরোও জানায়, বাতাসের গতি উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৫ থেকে ১০ কিলোমিটার। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় আপেক্ষিক আদ্রতা ৫৬ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট এবং সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিট।

এগ্রিকেয়ার/এমএইচ