
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।যদিও বিক্রি হওয়া কাঁঠালের মূল্য বাজারে ১০০ টাকার বেশি হবে না।
কাঁঠালটি ২৬ হাজার টাকায় ক্রয় করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাস ফেরত যুবক কাঞ্চন মিয়া (৩৫)। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাঁঠালটি কিনেছেন কাতারপ্রবাসী কাঞ্চন মিয়া (৩৫)। কাঁঠাল কেনা বিষয়ে তিনি বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল, তাই মনের প্রশান্তির জন্য কিনেছি। আশা করি, খেয়ে তৃপ্তি পাব।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের ধরা কাঁঠালটি বিক্রির জন্য শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। এ সময় এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি পান কাঞ্চন মিয়া।
জানতে চাইলে ওই মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ায় আমরা খুশি হয়েছি। এ টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।
এগ্রিকেয়ার/এমএইচ
























