পুষ্টি ও স্বাস্থ্য বার্তা ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বেশিরভাগ মানুষের প্রিয় ফলের তালিকায় থাকে কাঁঠাল। রসালো এ ফল বাংলাদেশের জাতীয় ফল। এর বাইরের আবরণ, ফলের ভেতরের বিচি, ফলের রসালো অংশ বিভিন্ন ‍উপায়ে মানুষ খেয়ে থাকে। তবে, আজ কাঁঠালের বিচি খাওয়ার উপকারিতা বিষয়ে জানব:-

কাঁঠাল অনেকেরই পছন্দের। শুধু শাঁস নয়, অনেকে কাঁঠালের বীজও খান। পুষ্টিবিদরা বলছেন, কাঁঠালের বীজ হরেক রকমের পুষ্টিকর উপাদানে ভরপুর। এই বীজ খেলে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-

১. কাঁঠালের বীজে রয়েছে স্বাস্থ্যকর ফাইবার যা হজম, বিপাক এবং সামগ্রিক ভাবে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ফাইবারসমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ উপযোগী। ত্বক ও চুল ভাল রাখতেও সাহায্য করে ফাইবার।

২. কাঁঠালের বীজে ভিটামিন বি থাকে। এই ভিটামিন দেহের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশির শক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ভিটামিন বি খুবই জরুরি।

পড়তে পারেন: কাঁঠাল পাকার আগে ফেটে যায়, করণীয় ‍কি?

৩. কাঁঠালের বীজে প্রচুর পরিমাণ আয়রন থাকে। এই উপাদান শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে, এই হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার গঠনে সাহায্য করে।

৪. কাঁঠালের বীজ প্রোটিনে সমৃদ্ধ। ফলে এই বীজ খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরাট থাকে। সে ক্ষেত্রে এই ধরনের খাবার অত্যন্ত উপযোগী।

৫. বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ফলের রাজা কাঁঠাল। মধুমাসে কাঁঠাল খাবেন না তা কি করে হয়! পছন্দের ফল কিনতে আবার ঝামেলা পোহাতেও হয় বেশ। তাই জেনে রাখা দরকার যেভাবে চিনবেন পাকা ও মিষ্টি কাঁঠাল।

আসুন জেনে নিই পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার কৌশল:

১.  প্রথমে কাঁঠালের গায়ের রং দেখুন। এটি যদি সবুজ হয় তবে পাকা নয়। কারণ পাকা কাঁঠালের রং হয় হলুদ।

২. এরপর আলতো হাতে সামান্য কাঁঠালের গায়ে চাপ দিন। যদি দেখেন সেটি শক্ত তাহলে তো পাকার প্রশ্নই উঠে না। অবশ্যই পাকা কাঁঠাল নরম হয়ে থাকে।

৩. এবার পরীক্ষা করুন কাঁঠালের গন্ধ। পাকা কাঁঠাল দিয়ে মিষ্টি সুবাস বের হয়। যা পাশে থাকলেই আপনি সহজেই টের পাবেন। যদি কাঁঠাল হাতে নিয়েও কোনো গন্ধ না পান; তাহলে বুঝবেন হয়তো ফরমালিন দেওয়া আর নয়তো কাঁচা।

৪. কাঁঠালটি যদি কড়া মিষ্টি গন্ধযুক্ত হয়; তাহলে বুঝবেন ভেতরের কোয়া বা কোষ সবগুলোই পাকা।

৫. গাছ পাকা কাঁঠালের স্বাদ সবচেয়ে মজার। গাছপাকা কাঁঠালের গা নরম হয় ও সুঘ্রাণ ছড়ায়। এ ছাড়াও এই কাঁঠালগুলোর কোষও অনেক স্বাদের হয়।

এগ্রিকেয়ার/এমএইচ