
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন স্থানীয় চাষীরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আলু উত্তোলনের পর এই চাষাবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৩৯ হাজার ৪৪০ মেট্রিক টন। স্বল্প খরচে অধিক ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মো. সাইদুল ইসলাম জানান, ধানের চেয়ে ভুট্টা বেশি লাভজনক হওয়ায় তিনি এবার নতুন করে ভুট্টা চাষ শুরু করেছেন। আরেক কৃষক মো. শরীফ উদ্দীন বলেন, সার ও কীটনাশকের দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলে মুনাফা আরও বেশি হতো। তবুও অন্য ফসলের তুলনায় ভুট্টার ফলন ও বাজারমূল্য বেশি হওয়ায় কৃষকরা এই চাষে বেশি ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান জানান, ভুট্টাসহ বিভিন্ন দানাদার ফসল উৎপাদনে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকেরা যেন সহজে বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেল পায়, সে জন্য কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার কাহারোলে ভুট্টার কৃষি বিপ্লব ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এগ্রিকেয়ার২৪.কম/ আরিফ
























