
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি তথ্য সার্ভিসে পরিচালকের দায়িত্ব পেলেন মো. আসাদুল্লাহ। তিনি বৃহৎ ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২০) কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আদেশে মো. আসাদুল্লাহ কে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
সদ্য সাবেক হওয়া কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক ড. মো. নুরুল ইসলাম পদন্নোতি পেয়ে ক্রপস উইং শাখায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সদ্য নিয়োগ পাওয়া কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক মো. আসাদুল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে পড়াশোনা শেষ করেন। ৭ম বিসিএস ব্যাচে ১৯৮৭ সালে কর্মজীবন শুরু হয় তার।
শুরুতে তৎকালীন বিষয়বস্তু কর্মকর্তা (বর্তমানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এইও) পদে বগুড়ায় কর্মজীবন শুরু করেন মো. আসাদুল্লাহ।
এরপর কুমিল্লা, শেরপুর, নেত্রকোনা, সিলেটসহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গুণী কৃষিবিদ মো. আসাদুল্লাহ। গত দুই বছর ধরে বৃহৎ ময়মনসিংহ অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদফতরে অতিরিক্ত পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
দেশের কৃষিতে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কৃষির ঊর্ধতন এ কর্মকর্তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। এক ছেলে ও এক মেয়ের জনক মো. আসাদুল্লাহ দেশের কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।
নতুন এ দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আসাদুল্লাহ এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, কৃষি তথ্য সার্ভিসের মূল দায়িত্বের কাজ সব সময়ই চ্যালেঞ্জের। তবে আশা রাখছি মেধা ও পরিশ্রম দিয়ে আমি সফলতার সাথে কাজ করে যাবো।
দেশের কৃষির উন্নয়নে ভূমিকা রাখতে পারা অনেক গর্বের বিষয়। সবার কাছে আমার দোয়া প্রার্থনা রইলো যেন সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারি।
কৃষি তথ্য সার্ভিসে পরিচালকের দায়িত্ব পেলেন মো. আসাদুল্লাহ এ সংবাদে এগ্রিকেয়ার২৪.কম এর পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে।
























