
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চলমান ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৭২টি প্রকল্পের অনুকূলে মোট ৪ হাজার ১৩৮ কোটি টাকা বরাদ্দ আছে। এরমধ্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৬৬০ কোটি টাকা এবছর সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভা সঞ্চালনা করেন কৃষিসচিব মো: সায়েদুল ইসলাম। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, সুগারমিলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পতিত জমিকে চাষের আওতায় আনার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সুগারমিলের অনেক পতিত জমি আছে। সেগুলোকে চাষের আওতায় আনতে হবে। এছাড়া, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমি কোথায় কোথায় পতিত আছে, তা খুঁজে বের করে চাষের আওতায় আনতে হবে।
এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:
কৃষিযন্ত্র কিনতে সহজ শর্তে ঋণ দেয়ার উদ্যোগ
আঁটি বাধাসহ ৫ একর জমির ধান কাটা যাবে ৮ ঘন্টায়, খরচ ১ হাজার টাকা
রাজশাহীতে অর্ধেক দামে মিলছে কৃষি যন্ত্রপাতি
বাংলাদেশে কৃষিযন্ত্রপাতির কারখানা করবে ভারত
সুগারমিল এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন এসময় মন্ত্রী। মন্ত্রী বলেন, প্রতিবছর জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বাড়ছে।
কাজেই, যে কোন মূল্যে খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য যেটুকু সুযোগ আছে, তার সবটুকু আমরা কাজে লাগাতে চাই। সেজন্য, মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদেরকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে। কীভাবে উৎপাদন আরও বাড়ান যায়-তা খুঁজে বের করতে হবে।
এগ্রিকেয়ার/এমএইচ
























