
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: খামারিদের অধিকার আদায় ও অস্বাভাবিক হারে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বিপিকেআরজেপি) কিশোরগঞ্জ জেলা শাখা। সেইসাথে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলার কালিবাড়ি মোড় এর দক্ষিণে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব খন্দকার মুহাম্মদ মহসিন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে পোল্ট্রি খাদ্যের মূল্য কমানোর ঘোষণা থাকলেও বাজেটের ঘোষণা অপেক্ষা করে বাজেট ঘোষণার পর তিন দফায় পোল্ট্রি খাদ্যের দাম বাড়ানো হয়েছে। যথাক্রমে প্রথমে ৫০ টাকা বছরের শুরুতেই, এরপর ৭৫ টাকা এবং সর্বশেষ ১০০ টাকা বৃদ্ধি করা হয়। বাজেটের আগে ২৭৫ টাকা বৃদ্ধি করা হয়। মোট ৫০০ টাকা একবস্তা খাদ্যে বৃদ্ধি হলে খামারিরা কিভাবে লাভ করবে! খাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে এবং খামারিদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে পোল্ট্রি খামার ধ্বংসের পথে।
পরবর্তী পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে বিপিকেআরজেপি কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি একেএম ফজলুল হক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, আমরা বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে মানবন্ধন ও প্রতিবাদ সভা করছি। এভাবে চলতেই থাকবে যতদিন না খাদ্যের দাম কমানো হচ্ছে। আজ মানববন্ধনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছি- ভারতে সয়াবিন মিল রপ্তানি বন্ধ হবে। ভারতে রপ্তানি বন্ধ হলেই খাদ্যের দাম কমবে। এরপরও যদি না কমে তাহলে ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করব। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি-যাতে শীঘ্রই খাদ্যের দাম কমানো হয়।
এগ্রিকেয়ার/এমএইচ
























