
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষকের কাছ থেকে সরাসরি চলতি বছরে সর্বোচ্চ আমন ধান সংগ্রহের রেকর্ড হয়েছে। মোট ধান কেনার ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৫ শতাংশ অর্জন সম্ভব হয়েছে।
আজ বুধবার (১১ মার্চ, ২০২০) সচিবালয়ের খাদ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমুনারা খানুম, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সরোয়ার মাহমুদসহ অনেকে।
সংবাদ সম্মেলনে ধান ও চাল সংগ্রহের তথ্য তুলে ধরে বলা হয়, আমন ধান কেনার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ লাখ ২৬ হাজার ৬৫৭ টন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৪০৭ টন সেদ্ধ চাল ও ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে। এছাড়া এ বছর দেশের ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে ধান কেনা হয়েছে।
আরও পড়ুন: কৃষি কর্মকর্তাদের কৃষকের বাড়ি বাড়ি যেতে হবে; কৃষিমন্ত্রী
শতকরা হিসেবে লক্ষ্যমাত্রা অর্জনের হিসাব অনুযায়ী ধান কেনার ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৫ শতাংশ, সেদ্ধ চাল কেনার ক্ষেত্রে ৯৯ দশমিক ৯৪ শতাংশ ও আতপ চাল কেনার ক্ষেত্রে ৯৮ দশমিক ৮৬ শতাংশ অর্জন হয়েছে।
ধান সংগ্রহের সফলতার পেছনের কারণ হিসেবে খাদ্যমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে আমরা কৃষকদের তালিকা সংগ্রহ করেছি। পরবর্তীতে জেলা প্রশাসক সবাইকে সঙ্গে নিয়ে সরকারের ২৫টি টিম মাঠে কাজ করেছে। তারা এ বিষয়টি তদারকি করেছে। এর ফলশ্রুতিতেই এই রেকর্ড অর্জিত হয়েছে।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এই মুহূর্তে মোটা ধান প্রতি মণ প্রায় ৮০০ টাকা। চিকন ধানের দাম অস্বাভাবিকভাবে একটু বেশি ১২’শ থেকে ১৩শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। মোটা চালের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও বিরূপ প্রতিক্রিয়া নেই বলেও উল্লেখ করেন কৃষিমন্ত্রী।
চলতি বছরে সর্বোচ্চ আমন ধান সংগ্রহ সোয়া লাখ টন আমন ধান সংগ্রহ শিরোনামের সংবাদটি তৈরি করতে বাংলা ট্রিবিউন সংবাদ মাধ্যম থেকে তথ্য ও পিআডি থেকে ছবি সহযোগিতা নেয়া হয়েছে।
























