অর্থ-বাণিজ্য, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরের প্রথম ছয় মাসে থাইল্যান্ডের চাল রফতানি কমেছে। জানুয়ারি-জুন পর্যন্ত থাইল্যান্ড ২২ লাখ টন চাল রফতানি করেছে। রফতানীকৃত এসব চালের বাণিজ্যমূল্য ১৩৮ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ২১ দশমিক ৩ শতাংশ।

তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) এ তথ্য জানিয়েছে।এদিকে খরাসহ নানা প্রতিবন্ধকতার কারণে চলতি বছর রফতানি লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হতে পারে বিশ্বের অন্যতম চাল রফতানিকারক দেশটি।

থাই রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (টিইআরএ) প্রেসিডেন্ট ক্যারেন লোথামেটাস বলেন, এ বছর ৬০ লাখ টন চাল রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে থাইল্যান্ডের। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটি সব মিলিয়ে ৫৭ লাখ টন চাল রফতানিতে সক্ষম হবে।

টিইআরএর প্রেসিডেন্ট আরো বলেন, রফতানি বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় থাইল্যান্ডের চালের বাজারদর বেশি। এটি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি দেশটির মুদ্রার বিনিময়মূল্য বৃদ্ধি ও চলমান খরা পরিস্থিতিকেও রফতানি হ্রাসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এগ্রিকেয়ার/ এমএইচ