
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মন্ত্রী বলেন, “একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কার জয়ী নজরুল গবেষক রফিকুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার মৃত্যু এ দেশের জন্য অপূরণীয় ক্ষতি”।
বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। সেই সাথে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম গ্রন্থসহ প্রায় ৩০টি বই লেখা এবং সম্পাদনা করেছেন রফিকুল ইসলাম।
জীবদ্দশায় অধ্যাপক রফিকুল ইসলাম একুশে পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতির দায়িত্বেও ছিলেন।
২০১৮ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করে।
এগ্রিকেয়ার/এমএইচ
























