ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম:
ঢাকার ওয়ারীতে অবস্থিত কাদের ট্রপিক্যাল হাইটস নামের একটি ১৪ তলা ভবনের ছাদে সাড়ে সাত হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এক সমন্বিত ছাদ কৃষি প্রকল্প। এই ভবনে বসবাসকারী নব্বইটি পরিবারের সম্মিলিত উদ্যোগে এই বিশাল সবুজায়ন সম্ভব হয়েছে, যা এখন বাসিন্দাদের জন্য একটি প্রাণবন্ত পারিবারিক মিলন কেন্দ্রে পরিণত হয়েছে।
এই উদ্যোগের শুরুটা হয়েছিল ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দার হাত ধরে, যার মূল উদ্যোক্তা হলেন রেখা মালিক। সত্তরোর্ধ এই নারী সবুজের সান্নিধ্যে এখনও উদ্যমী ও প্রাণবন্ত আছেন এবং তিনি জানান যে তাদের এই বাগানে ঔষধি গাছ থেকে শুরু করে ফলের গাছ ও বিশেষত ফুলের গাছ সহ সব ধরনের গাছই রয়েছে।
এই আয়োজনের আরেকজন উদ্যোক্তা তাসলিমউদ্দিন, যিনি কৃষির প্রতি ভালোবাসা ও নিষ্ঠা থেকে ফ্ল্যাট বাড়ির নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা পেরিয়েও ছাদ কৃষি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই সবুজ উদ্যোগে অংশ নেওয়া প্রতিটি পরিবারই নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের হাতে লাগানো সবজির স্বাদ গ্রহণ ও একটি পরিশুদ্ধ পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছে। যদিও এই আয়োজনের সঙ্গে সরাসরি কয়েকজন জড়িত আছেন, তবে এটি মূলত ভবনের শত পরিবারের ইচ্ছারই একটি ফসল। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে যে বড় বড় অট্টালিকা বা অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ হচ্ছে, সেখানকার বাসিন্দারা একত্রিত হলে এ ধরনের সবুজায়নের কাজ সহজেই সম্প্রসারণ করা সম্ভব, তবে এই কাজগুলোকে টেকসই করার জন্য সরকারি সেবা বা পৃষ্ঠপোষকতা প্রয়োজন।