নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশে ৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ যশোরে এ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪০ ডিগ্রির ‍উপরে তাপমাত্রা ছিল।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। দেখা গেছে, আজকের আগে গত ২০১৪ সালের ২৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে ৪১ ডিগ্রির উপরে দেশে আরও অনেকবারই তাপমাত্রা উঠেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়, এর আগে ১৯৯৫ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদরা মনে করছেন, মূলত বৃষ্টি না হওয়ার কারণেই তাপমাত্রা গতি এতো বেড়েছে। পাশাপাশি এই সময়ে তাপমাত্রার গতি একটু উপরের দিকেই থাকে।

আবহাওয়া অফিস সূত্র বলছে, দেশের একাধিক অঞ্চলে তাপদাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চল। পাশাপাশি নেত্রকোনা জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, ঢাকায় ৩৯ দশমিক ৫, রাঙ্গামাটিতে ৩৯ দশমিক ৬, মংলায় ৩৯ দশমিক ৬, খুলনায় ৪০ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৫, কুমারখালীতে ৪০ দশমিক, খেুপপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসসহ একাধিক এলাকায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশে ৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।