
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি প্রযুক্তির নানা পণ্যের প্রদর্শনীতে দ্বিতীয়দিনের মেলা শুরু হয়েছে। এতে খাদ্যপণ্য উৎপাদনকারীর সাথে যুক্ত উদ্যোক্তারা নানা ধরণের যুগপোযোগী প্রযুক্তি দেখার পাশাপাশি সব ধরণের তথ্য সংগ্রহ করতে পারছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), জোয়ার সাহারা, পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, কুড়িল, ঢাকায় এ প্রদর্শনী বা মেলা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিলিং প্রযুক্তি প্রদর্শনীতে বিনামূল্যে বিভিন্ন প্রযুক্তি দেখার পাশাপাশি বিক্রেতাদের সাথে কথা বলতে পারছেন উদ্যোক্তারা। FCM Presents “10th Agro Tech Bangladesh-2022” এর শতাধিক খাদ্য পণ্যের মেশিনারিজের প্রদর্শনী বা মেলার আয়োজনে যৌথভাবে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমী (আরডিএ) বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স এন্ড এক্সিবিশনস্ প্রা. লিমিটেড।
সরেজমিনে দেখা যায়, দেশ বিদেশের উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রযুক্তির পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন। নতুন ও পুরাতন উদ্যোক্তারা তাদের চাহিদা মতো প্রশ্ন করে উত্তর পাচ্ছেন বিক্রেতা ও স্টলে থাকা প্রতিনিধিদের কাছ থেকে। অনেকেই প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের কলম, প্যাড, ব্যাগসহ নানা উপহারও দিচ্ছেন। সবার মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।
দর্শনার্থীরাও নিজেদের চাহিদা মতো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন। কোনো বিষয় বা প্রযুক্তি পছন্দ হলে সে বিষয়ে সব ধরণের তথ্য সংগ্রহ করছেন। কেউ কেউ বিক্রেতাদের সাথে জমিয়ে আড্ডাও দিচ্ছেন। ভিডিও ও লিফলেটের মাধ্যমে পণ্যের গুণাগুণ তুলে ধরছেন স্টলের কর্মীরা।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে রাইস মিল, ফিড মিল, অয়েল মিল, ডাল মিল, ফ্লাওয়ার মিল মেশিনারি, ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং অ্যান্ড প্যাকিং মেশিনারি, এগ্রো মেশিনারি, পাওয়ার টিলার, হারভেস্টার, কালার সর্টার, ইঙ্কজেট প্রিন্টার, উপকরণ, রাসায়নিক, সাইলোর উপর বিশেষ ফোকাস করা হয়েছে।
এখানে আরও রয়েছে বয়লার, পার-বয়লিং ইক্যুপমেন্ট, ড্রায়ার, কুলার, চিলার, ফিড পিলেট, আনুষাঙ্গিক, বেকারি মেশিনারি, পানি প্রযুক্তি, পরিমাপ সরঞ্জাম, ল্যাব সরঞ্জাম, হার্ডওয়্যার এবং টুলস সরঞ্জাম, ইন্ডাস্ট্রিয়াল স্টিল স্ট্রাকচার ইক্যুপমেন্টসহ নানা আধুনিক উপকরণ। এই প্রদর্শনীতে দেশ-বিদেশের ৩৫০টির অধিক কোম্পানি এবং তাদের নির্বাচিত এজেন্টরা তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ: শত শত দেশী এবং বিদেশী সংস্থার প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ। রাইস মিল, ফিড মিল, ফ্লাওয়ার মিল, অয়েল মিল এবং ডাল মিলের প্রযুক্তি বিষয়ক বৈঠক। বৃহৎ শিল্প স্থাপনের ওপর ধারণা জ্ঞান। রাইস মিল, ফিড মিল, ফ্লাওয়ার মিল, অয়েল মিল এবং ডাল মিলের স্বল্প খরচে ব্যবস্থাপনার উপর ধারণা অর্জন।
নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণের সুযোগ বিষয়ক তথ্য প্রদান। প্রসেসিং, প্যাকেজিং এবং লেবেলিংয়ের উন্নত প্রযুক্তি সম্পর্কে জ্ঞান সংগ্রহ করার সুযোগ। রোবোটিক্স পদ্ধতিতে মিল ব্যবস্থাপনা পরামর্শ।
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের কৃষিতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কৃষির উৎপাদন বাড়াতে, খরচ কমাতে কৃষি-প্রযুক্তির ব্যবহার এখন বিশ্বব্যাপী প্রশংসিত। তাই বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। কৃষি প্রযুক্তির আন্তর্জাতিক মেলা বা প্রদর্শনী একই ছাদের নিচে উন্নত-বিশ্বের সর্বশেষ সর্বাধুনিক প্রযুক্তির মিলনক্ষেত্র।
যেখানে নিজের চোখে, নিজের হাতের স্পর্শে একজন উদ্যোক্তা, একজন বিক্রেতা, একজন ক্রেতা একই সঙ্গে সেই সর্বাধুনিক প্রযুক্তি যাচাই-বাছাই করতে পারেন। সোনার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে এ প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে এটা আয়োজকদের লক্ষ্য ও উদ্দেশ্য। আগামীকাল শনিবার (২৮ মে) এ মেলা শেষ হবে।
























