নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নতুন বছরের শুরুতেই ৭ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল দিনাজপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কুষ্টিয়া, যশোর অঞ্চলসহ রংপুর, ঢাকা, রাজশাহী,ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা /গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে এসব অঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে। এছাড়া তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দপ্তর জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬ টা থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪১ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ