
প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: নাটোরের নলডাঙ্গা উপজেলাতে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দক্ষতা বাড়াতে “গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP)” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোসা. লুৎফুন নাহার লতা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদুল ইসলাম নাহিদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোস্তাক আহমেদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ, মাটির স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, নিরাপদ সবজি ও ফসল উৎপাদন, ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী বলেন, “বর্তমান সময়ে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। গ্যাপ পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা কম খরচে উন্নতমানের ফসল উৎপাদন করতে পারবেন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাজারজাত করতে সক্ষম হবেন।”
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, সঠিক নিয়মে চাষাবাদ, জৈব সার ব্যবহার, কীটনাশকের নিরাপদ প্রয়োগ এবং ফসল সংরক্ষণ বিষয়ে তারা নতুন জ্ঞান অর্জন করেছেন, যা তাদের কৃষিকাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৬০ জন কৃষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্যাপ প্রশিক্ষণ কার্যক্রম উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, নলডাঙ্গা একটি কৃষি সমৃদ্ধ উপজেলা। “নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা হচ্ছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।”
এগ্রিকেয়ার/আরিফ
























