নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‌‘সিত্রাং’ বাংলাদেশের স্থলভাগে উঠে দুর্বল হয়ে গেছে। এটি এখন স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। ফলে সব সমুদ্রবন্দর থেকে ৬ নং বিপদ সংকেত নামিয়ে ৩ নং সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।

বুধবার সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।

এতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় চিত্রা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দুর্বল হয়ে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি বর্তমানে নেত্রকোনা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে আকারে অবস্থান করছে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। এতে বলা হয়, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এগ্রিকেয়ার/এমএইচ