
পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মুরগি খাবার পরিবর্তনের কারণে ডিম দেওয়া বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ফিড কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভারতের মহারাষ্ট্রের এক পোলট্রি ব্যবসায়ী। ফিড কোম্পানির খাদ্যের মান খারাপ হওয়ার কারণেই খামারের মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে বলে ধারণা কয়েক খামারির।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুরগি ডিম দিচ্ছে না বলে ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার লোনি কালভোর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সম্প্রতি ওই পোলট্রি ফার্মের মালিক পুলিশে অভিযোগ জানান একটি বিশেষ সংস্থার তৈরি খাবার খাওয়ার পর থেকেই তার সমস্ত মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে পোল্ট্রি ব্যবসায়ীরা লাখ লাখ রুপি ক্ষতির মুখে পড়েছে।
ওই ব্যক্তি আরও জানান, আগে পুণের একটি কোম্পানি থেকে মুরগিদের জন্য খাবার কিনলেও সম্প্রতি দাম বাড়ায় পাশের জেলা আহমেদনগরের অন্য একটি সংস্থা থেকে তা কেনেন।
এই প্রসঙ্গে লোনি কালভোর থানার অফিসার রাজেন্দ্র মোকাশি এই প্রসঙ্গে বলেন, “এক পোলট্রি ফার্মের মালিক এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তবে তিনি একা নন, আরও অন্তত চারজন একই অভিযোগ করেছেন। প্রত্যেকেই বলেছেন ওই সংস্থাটির খাবার খেয়েই তাঁদের মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। ”
এ ব্যাপারে আহমেদনগরের ব্লক পর্যায়ের এক পশুপালন অফিসার জানান, আসলে কোনও কোনও সময় কিছু খাবার মুরগিদের পছন্দ হয় না। তখনই মুরগিরা ডিম দেওয়া বন্ধ করে দেয়। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
ফিড পাল্টানোয় ডিম দেওয়া বন্ধ করেছে মুরগি, থানায় অভিযোগ শিরোনামে সংবাদের তথ্য কলকাতা টিভি থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























