নিজস্ব প্রতিবেদক, এ্রগ্রিকেয়ার২৪.কম: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে, পারদ অব্যাহত পতনে শীত বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রএবং তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। দেশের তাপমাত্রা কমতে থাকায় শীত বাড়তে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে তেঁতুলিয়ায়- ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  গত কয়েকদিনের আবহাওয়ার বিশ্লেষণে দেখা যায়, অন্তত দেশের ১০ টি অঞ্চলে তাপমাত্রা কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আজ সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২১ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) পরিবর্তনের সম্ভাবনা নাই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও থাকতে পারে হালকা কুয়াশা। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ