নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীর বাজারে হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কেজিপ্রতি পেঁয়াজের দর বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর ভাটারা, মিরপুরের বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিল, হঠাৎ করেই কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তারা।

এদিকে পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরে হঠাৎ করেই অস্বাভাবিক ভাবেই বেড়েছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত তিন দিন আগেও ফরিদপুরের বিভিন্ন খুচরা বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হতো ২৫ থেকে ২৮ টাকায়।

গত শুক্রবার থেকে ফরিদপুরের বিভিন্ন বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে। গতকাল জেলার বিভিন্ন হাট বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা করে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০/৬২ টাকায়। হঠাৎ করে কেজিতে ২০/২২ টাকা বেড়ে যাওযার তেমন কোনো কারণ জানাতে পারেনি খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং রাখী ব্যবসায়ীরা পেঁয়াজ বাজারে না ছাড়ার কারণেই পেঁয়াজের দাম বেড়েছে।

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। তাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজ মজুদ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশা করছে। এ বিষয়ে প্রশাসনের প্রতি বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা।

 

এগ্রিকেয়ার/এমএইচ