
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ফাল্গুন মাসে ধানের জমিতে পরিচর্যার সময়। এ সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বোরো ও আউশ—দুই মৌসুমের ধানেই ভালো ফলন পাওয়া সম্ভব।
বোরো ধান
- ধানের চারার বয়স ৫০ থেকে ৫৫ দিন হলে অথবা কাইচ থোর আসার ৫ থেকে ৭ দিন আগে ইউরিয়া সারের শেষ কিস্তি উপরিপ্রয়োগ করতে হবে।
- সার দেওয়ার আগে জমির আগাছা পরিষ্কার করে পানি সরিয়ে দিতে হবে।
- ভেজানো ও শুকানো পদ্ধতিতে সেচ দিতে হবে।
- সেচের নালা নিয়মিত সংস্কার ও মেরামত করা দরকার।
- রাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকলে সেচের মেশিন চালু রাখা সুবিধাজনক।
- কাইচ থোড় আসা থেকে ধানে দুধ আসা পর্যন্ত ক্ষেতে ৩ থেকে ৪ ইঞ্চি পানি ধরে রাখতে হবে।
- পোকা দমনে নিয়মিত ক্ষেত পরিদর্শন জরুরি। সমন্বিত বালাই ব্যবস্থাপনায় আলোর ফাঁদ, পোকা ধরার জাল, ডিমের গাদা নষ্ট করা, উপকারী পোকা সংরক্ষণ ও পাখি বসার ব্যবস্থা রাখা যেতে পারে।
সতর্কতা: এ সময়ে ধানক্ষেতে উফরা, ব্লাস্ট, পাতাপোড়া ও টুংরো রোগ দেখা দিতে পারে।
- উফরা রোগ দেখা দিলে এমামেকটিন বেনজয়েট জাতীয় কৃমিনাশক যেমন সানমেকটিন বা মিয়েনা প্রয়োগ করতে হবে।
- ব্লাস্ট রোগ হলে ইউরিয়া সারের উপরিপ্রয়োগ সাময়িক বন্ধ রেখে একরপ্রতি ১৬০ গ্রাম ট্রুপার, জিল বা নাটিভো ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে দুবার প্রয়োগ করতে হবে।
- পাতাপোড়া রোগ হলে বিঘাপ্রতি অতিরিক্ত ৫ কেজি পটাশ সার উপরিপ্রয়োগ করতে হবে। জমির পানি শুকিয়ে ৭ থেকে ১০ দিন পর আবার সেচ দিতে হবে।
- টুংরো রোগ দমনে বাহক পোকা সবুজ পাতা ফড়িং নিয়ন্ত্রণ জরুরি।
আউশ ধান
ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ থেকে উফশি আউশ ধানের বীজতলা তৈরি করা উচিত। সংরক্ষিত বীজ ভালোভাবে পরীক্ষা করতে হবে। প্রয়োজনে রোদে দিয়ে ঠান্ডা করে বীজপাত্রে সংরক্ষণ করতে হবে।
























