নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বগুড়ায় কালোবাজারির ৩৫০ বস্তা সারসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর রাতে কাহালু উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ট্রাকটিতে টিএসপি ও এমওপির ৩৫০ বস্তা সার ছিল বলে জানা গেছে।

বগুড়া র‍্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে আদমদীঘি থেকে নন্দীগ্রাম অভিমুখে ট্রাক বোঝাই কালোবাজারির ৩৫০ বস্তা সার আসার খবরে কাহালুতে চেকপোস্ট বসানো হয়। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ এবং পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে উদ্ধারকৃত সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত সারগুলো নন্দীগ্রামের ডিলারের কাছে সান্তাহার বিএডিসি গুদাম থেকে উত্তোলন করে বিক্রি করে দেয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে এলাকার কৃষকদের অনেক অভিযোগ রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে। এসময় সার বহন করা একটি ট্রাক জব্দও হয় বলেও র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৩৫), আদমদীঘির সুদিনের মৃত শওকত আলীর ছেলে নওশাদ (৪৬), আদমদীঘির বাজারের মৃত ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), শালগ্রামের খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও আদমদীঘি বাজারের মৃত নাসিউল হকের ছেলে এহসানুল করীম (৪৭)।

এগ্রিকেয়ার/এমএইচ