
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে সরকার। যাতে করে এদেশে খাদ্যের কোন ঘাটতি না হয়।
তিনি আরোও বলেন,খাদ্যের অভাবে একটি মানুষকেও যাতে করে না খেয়ে থাকতে হয়। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী আমন ও রবি মৌসুমে অধিক ফসল উৎপাদনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
আজ শনিবার ১৮ জুলাই ২০২০ মন্ত্রী সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘কৃষিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তা’ বিতরণ অনুষ্ঠানে অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বন্যা ও করোনা উদ্ভূত পরিস্থিতিতে ধনবাড়ী উপজেলার হতদরিদ্র ১৫৭টি পরিবারের মাঝে ৪ লক্ষ টাকা অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া, ঘর নির্মাণের জন্য ৬০ জনকে ঢেউটিন ও ৬০ জনকে ৩ হাজার টাকা করে প্রায় ২ লক্ষ টাকা বিতরণ করা হয়। কৃষিমন্ত্রীর পক্ষে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।
বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে সরকার শিরোনামে সংবাদের তথ্য নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো: কামরুল ইসলাম ভূইয়া।
এ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কৃষিমন্ত্রী গতকাল শুক্রবার অনলাইনে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘কৃষিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তার’ আওতায় মধুপুর উপজেলার হতদরিদ্র ২৭৮টি পরিবারের মাঝে ৬ লক্ষ টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করেন। কৃষিমন্ত্রীর পক্ষে এসব চেক বিতরণ করেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। এছাড়া, মন্ত্রী উপজেলা পরিষদের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য একটি ‘মোবাইল গাড়ির’ উদ্বোধন করা হয়।
























