রাজধানীর সবচেয়ে বড় ডিমের বাজার তেজগাঁও ডিমের আড়ৎ। ছবি: এগ্রিকেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বাজারে ডিমের দামে বড় ধরনের ওঠানামা নেই। পাইকারিতে প্রতি ১০০ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা ও সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে ডজনপ্রতি লাল ডিম ১১০ টাকা ও সাদা ডিম ১০৫ টাকায় বিক্রি হওয়ায় দুই স্তরের বাজারে দামের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

আজ শনিবার রাজধানীর সবচেয়ে বড় ডিমের বাজার তেজগাঁও ডিমের আড়ৎ ঘুরে দেখা গেছে, পাইকারি প্রতি ১শ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা, সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকা, হাসের ডিম আকারভেদে ১৪১০ থেকে ১৪২০ টাকা দামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা ও সাদা ডিম ১০৫ টাকা। আর হাসের ডিম প্রতি হালি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তাতে পাইকারি ও খুচরা বাজারে লাল ডিমের দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ২ টাকা, হালিপ্রতি ৭ টাকা ও ডজনে ২২ টাকা। আর সাদা ডিমের দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ২ টাকা, হালিপ্রতি ৮ টাকা ও ডজনে সাড়ে ২৪ টাকা।

এ ছাড়া হাসের ডিমে পাইকারি ও খুচরা দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ৬ টাকা, হালিপ্রতি ২৩ টাকা ও ডজনে সাড়ে ৭০ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই দামেই ডিম বিক্রি হচ্ছে। পাশাপাশি আরও কিছুদিন ডিমের দাম অপরিবর্তিত থাকবে বলে দাবি তাদের।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও পাইকারি ডিমের বাজারের আড়তদার (বিক্রেতা) শাহাদাত হোসেন বলেন, ‘পাইকারি প্রতি ১শ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা, সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ডিমের মজুত এখন অনেক বেশি। চাহিদার তিনগুণ ডিম আছে। এ জন্য ডিমের দাম বাড়ার শঙ্কা নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে প্রায় ৫০টি গাড়ি (ডিম পরিবহনের বাহন মিনি ট্রাক) ভাড়া নেওয়ায় বর্তমানে গাড়ির সংকট রয়েছে। ফলে বিভিন্ন স্থান থেকে ডিম নিয়ে আসা যাচ্ছে না। আগে গাড়ি ভাড়া ছিল ৭ হাজার, এখন ৯ হাজার।’