বারি’র নতুন মহাপরিচালক হিসেবে

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের- বারি’র নতুন মহাপরিচালক হিসেবে ড. মো. আব্দুল ওহাব নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২০) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোর্শেদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মহাপরিচালক হিসেবে আগে তিনি একই প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্বরত ছিলেন।

আগামী বৃহস্পতিবার (৩০ জানুযারি, ২০২০) শেষ কর্মদিবস হবে বর্তমানে মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এর। ওই দিনই নতুন পদে দায়িত্ব পরিচালনা শুরু করবেন ড. মো. আব্দুল ওহাব।

বারি’র পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৭ সালে দেশের গুণী কৃষি বিজ্ঞানী ড. আব্দুল ওহাব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন।

ড. ওহাব বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রেষণে ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দুই সন্তানের বাবা ড. আব্দুল ওহাবের জন্মস্থান বাড়ি রাজবাড়ী।

সফল বিজ্ঞানী হিসেবে দেশের কৃষকের ব্যবহার উপযোগী খামার যন্ত্রপাতি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি।

ড. ওহাব এ পর্যন্ত ১০টি কৃষি যন্ত্র উদ্ভাবন করেছেন। তার গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (IFDC) ২০১১ সালে ৪ বছরের জন্য তাকে বিশেষজ্ঞ বিজ্ঞানী (কৃষি প্রকৌশল) হিসাবে নিয়োগ দেয়।

সেখানে গবেষণার সময় তিনি মাটির নিচে গুটি সার প্রয়োগ দুই ধরনের যন্ত্র উদ্ভাবন করেন। এসব যন্ত্র (IFDC) এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত হয়।

বারি’র নতুন মহাপরিচালক হিসেবে ড. মো. আব্দুল ওহাব নিয়োগ পেয়েছেন এতে তাকে এগ্রিকেয়ার২৪.কম এর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে। ড. ওহাবের দক্ষ নেতৃত্বে গুণে বারি’র সব কাজ আরও সুন্দর ও ভালোভাবে চলবে এই প্রত্যাশা করে এগ্রিকেয়ার২৪.কম।

আরও পড়ুন: বারি ও এসিআই এগ্রিবিজনেস’র মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর