নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক উদ্ভাবিত মানসম্মত উচ্চ ফলনশীল আলুর জাতের উপর পৃথক দুইটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গীবাড়ী উপজেলায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রচলিত দাঁদ রোগ সংবেদনশীল ডায়ামান্ট জাতের পরিবর্তে উক্ত জাতের বৈশিষ্ট্য সদৃশ্য উন্নত জাতের আলুর উপযোগীতা যাচাই করার লক্ষ্যে মাঠ দিবস দুটি অনুষ্ঠিত হয়।

এতে কৃষকেরা ডায়ামান্ট এর পরিবর্তে বারি আলু-৩৭ চাষ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। মাঠ দিবসে মুন্সীগঞ্জের কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ খোরশেদ আলম স্বাগত বক্তব্য দেন।

এরপরে কৃষি বিজ্ঞানী ও অতিথিরা মানসম্মত আলু উৎপাদন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ এর উপর আলোকপাত করেন। এছাড়া আলুর বহুমূখী ব্যবহার ও আলুর পরিবর্তে অন্যান্য অর্থকরী ফসল আবাদের উপর গুরুত্বারোপ করেন তারা।

বারি’র উদ্যোগে আয়োজিত উক্ত মাঠ দিবসে বারি’র গবেষণা উইং এর পরিচালক ড. মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালরেয় অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম।

এ অনুষ্ঠানে বারি’র বিজ্ঞানীরা ছাড়াও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি এবং কৃষক কিষানীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মোঃ সেলিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, মুন্সীগঞ্জ।