ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলে দেশের কয়েক অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পড়তে পারেন:লক্ষ্মীপুরে ৪০০ কোটি টাকার সয়াবিন উৎপাদন

গত ২৪ ঘন্টায় চাঁদপুর ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশাল, ভোলা ও চট্টগ্রামে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলা ২৬ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ এবং সর্বনিম্ম তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে এবং আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. যা অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার বেগে বাড়তে পারে।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ