
স্টাফ রিপোর্টার, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আব্দুছ ছালাম-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিজ্ঞানীদের দাবিদাওয়া উপস্থাপন করেছে নার্স সায়েন্টিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)। মঙ্গলবার (৪ নভেম্বর) বিএআরসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের ১২টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা অংশ নেন। এ সময় তারা গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে বেশ কয়েকটি যৌক্তিক দাবি নির্বাহী চেয়ারম্যানের নিকট উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ মসিউর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)। নির্বাহী চেয়ারম্যানের কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন ড. মোহাম্মদ শাহাদত হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
উল্লেখ্য, ড. মোঃ আব্দুছ ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সালে বিএআরসি-তে যোগ দেন। গবেষণা ও প্রকাশনায় তিনি একজন স্বনামধন্য বিজ্ঞানী। কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ে তাঁর ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারসংক্ষেপ এবং ২০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা, সদস্য পরিচালক, বিএআরসি; ড. মোঃ মনির হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরসি; ড. মোঃ সাইয়েদ আলী ও ড. এ. কে. এম. জিয়াউর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট বিজ্ঞানীবৃন্দ।
সভায় বিজ্ঞানীরা কৃষি গবেষণার অগ্রগতি ও বিজ্ঞানীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন ড. মোঃ আল-মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৫ নভেম্বর ২০২৫ তারিখে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নিকট বিজ্ঞানীদের ন্যায্য দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হবে।
স্বাগত বক্তব্যে ড. মোঃ সাজেদুল করিম সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, দূর-দূরান্ত থেকে আগত বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এগ্রিকেয়ার/আরিফ
























