
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৭ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
আবহাওয়া দপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ মো: সানাউল হক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এই ধারা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টির পূর্বাভাস বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশায় ঢাকা থাকতে পারে উত্তর, উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। ঢাকায় শীত বাড়তে পারে।
আবহাওয়াবিদ ডক্টর মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তিনি আরও জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য হ্রাসের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























