প্রতিনিধি, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে আমদানিকরা ভারতীয় আদার দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে এই দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় কেজিতে ৩০-৪০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, এ নাগাড়ে কয়েকদিনের বিভিন্ন ছুটির কারণে আমদানি বন্ধ ছিল। ফলে সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছিল। সম্প্রতি আবারো আমদানি বাড়ায় বাজার নিম্নমুখী হতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, এক সপ্তাহ আগেও হিলি বাজারে আমদানীকৃত ভারতীয় আদা বিক্রি হয়েছিল প্রতি কেজি ১২০ টাকা, যা বর্তমানে ৮০-৯০ টাকা।

হিলি বাজারে আদা কিনতে এসে আব্দুস সালাম বলেন, এক সপ্তাহ আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সঙ্গে নতুন করে আদার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। দাম বাড়ায় অনেকে বাধ্য হয়ে আদা কেনার পরিমাণ কমিয়ে দিয়েছিল। বর্তমানে আবার দাম কমায় আমাদের জন্য সুবিধা হয়েছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

গ্রীষ্মকালীন টমেটো বারি-৮ চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের

ভারতীয় এলাচের কেজিতে কমলো ২০০ টাকা

অপ্রধান মসলা ধনিয়া চাষে ধনী ময়েজ

আদা ক্রেতা সুফিয়া খাতুন বলেন, বাজারে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়তি। ফলে সবকিছুর সমন্বয় করতেই আমাদের হিমশিম খেতে হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়লেও আমাদের আয় সেভাবে বাড়েনি। তার ওপর নতুন করে আদার দাম বাড়ায় সমস্যা আরো বেড়ে যায়।

৬০-৭০ টাকা থেকে এক লাফে আদার দাম বেড়ে ১২০ টাকা হয়ে গিয়েছিল। বর্তমানে দাম কমতে শুরু করেছে। এখন প্রতি কেজি আদা ৮০-৯০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম আরো কমে আগের অবস্থায় ফিরলে আমাদের জন্য সুবিধা হবে।

হিলি বাজারের আদা বিক্রেতা আবু তাহের জানান, বেশ কিছুদিন ধরেই বাজারে দেশীয় আদার সরবরাহ কম থাকায় আমদানীকৃত ভারতীয় আদা দিয়েই ক্রেতাদের চাহিদা পূরণ করা হচ্ছিল। কিন্তু শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা আটদিন ভারত থেকে আমদানি বন্ধ ছিল।

পাশাপাশি দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি বন্ধ ছিল। তাই এ সময়ে দেশের বাজারে আদা সরবরাহ কমায় দাম অনেক বেড়ে যায়। পূজার ছুটি শেষে হিলিসহ দেশের সব স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে আদা আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে ভারতীয় আদা সরবরাহ বাড়ায় আবারো দাম কমতে শুরু করেছে।

এগ্রিকেয়ার/এমএইচ