ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ভারত করোনা সংক্রমণের লাগাম কিছুতেই টানতে পারছেন না। প্রতিদিন বিশ্বরেকর্ড নিয়ে এগিয়ে চলেছে দেশটি। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৩২ জন। এ নিয়ে আক্রান্ত ছাড়াল ৪০ লাখ।

এদিকে আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬২ লক্ষ ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪০ লক্ষ ৯১ হাজার।সে হিসেবে ভারত তৃতীয় স্থান অধিকার করেছে!

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৪৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হারও বেড়ে ৮ শতাংশ পেরিয়েছে।এই নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৮৫৯ ও ৫০ হাজার ১৬৩ জন।

বিশ্বের অন্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে থাকছে ভারত। গত কয়েক দিনে ভারতে যে ভাবে নতুন সংক্রমণ বাড়ছে, তা গোটা করোনাকালে বিশ্বের কোনও দেশে হয়নি। এর ফলে মোট আক্রান্তও লাফিয়ে লাফিয়ে বেড়ে আজ ৪০ লক্ষ ছাড়িয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট ৩১ লক্ষ ৭ হাজার ২২৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭৭ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন।

গত চার দিন ধরে তা ৭ শতাংশ থাকলেও। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার বেড়ে হয়েছে ৮.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৫৯ হাজার ৩৪৬ জনের। যা গত দু’দিনের থেকে এক লক্ষাধিক কম।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। এ নিয়ে দেশে মোট ৬৯ হাজার ৫৬১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন প্রায় ২৬ হাজার। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত সাড়ে ৭ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৬ হাজার ১৭০। দেশের রাজধানীতে সংখ্যাটা ৪ হাজার ৫১৩। অন্ধ্রপ্রদেশ (৪,২৭৬), উত্তরপ্রদেশ (৩,৭৬২), পশ্চিমবঙ্গ (৩,৪৫২), গুজরাত (৩,০৭৬) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পঞ্জাব (১,৭৩৯), মধ্যপ্রদেশ (১,৫১৩), রাজস্থানে (১,১০৮) মোট মৃত্যু এক হাজার ছাড়িয়ে বেড়ে চলেছে।

এর পর তালিকায় রয়েছে তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলি।

কোভিডে আক্রান্ত ও মৃত্যু— দু’টি তালিকাতেই শুরু থেকে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৮ লক্ষ ৬৩ হাজার ৬২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজারের বেশি সংক্রমণ হয়েছে সেখানে।

দিন কয়েক আগেই তামিলনাড়ুকে পিছনে ফেলে সংক্রমণ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে দৈনিক আক্রান্ত হচ্ছেন গড়ে ১০ হাজার জন। যার জেরে মোট আক্রান্ত চার লক্ষ ৭৬ হাজার ৫০৬ জন।