অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দিয়েছে সরকার। হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হবে।

দেশে পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে দাম বেড়ে যাওয়ার ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজ আমদানির ফলস্বরুপ আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়বে না বলে বলছেন ব্যবসায়ীরা।

দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, বাজারে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ আসায় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমুল্য নিশ্চিতে ও কৃষকদের পেঁয়াজ চাষাবাদে উৎসাহিত করতে সরকার গত বছরের ডিসেম্বর মাসে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ করে দেয় সরকার।

পড়তে পারেন: ঘরোয়া উপায়ে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ কৌশল

এসময় বাজারে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। যার কারণে দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা তেমন না থাকায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমিয়ে দেন আমদানিকারকরা। তবে পূর্বের নেয়া অনুমতি পত্র দিয়ে ভারত থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছিলেন আমদানিকারকরা। এরই মধ্যে মাঘের হঠাৎ বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে আবাদ করা পেঁয়াজের জমি নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে থাকে।

পূর্বের অনুমতি পত্র দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আসন্ন রমজানে দাম বাড়ার আশংকা নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে সম্প্রতি নতুন করে পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) দেয়া শুরু করেছে সরকার। কিন্তু মেয়াদ দিচ্ছে আগামী ২৯ মার্চ পর্যন্ত। একই সঙ্গে পুরানো যেসব আইপি নেয়া ছিল সেগুলোরও মেয়াদ একই সময় নির্ধারন করে দিয়েছে সরকার। এতে করে নির্ধারিত তারিখের পরে কি হবে সেটি নিয়ে চিন্তায় আছেন বলে জানান তারা।

পড়তে পারেন: কমলো পেঁয়াজের দাম, স্বস্তি ফিরেছে জনগণে

তারা বলছেন, যদি মেয়াদ না বাড়ানো হয় তাহলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বন্ধ হয়ে যাবে তেমনি দাম বাড়ার আশংকা থাকবে। রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের কাছে আমদানির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, গত বছরের ২০শে ডিসেম্বর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ রেখেছিল সরকার। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম নিয়ন্ত্রণে আনতে আবারো অনুমতি দেয়া শুরু করেছে। গত তিন থেকে চার দিন ধরে এই আইপি প্রদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির কথা বলে গত বছরের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। তারপর দীর্ঘ ৩ মাস ১৫ দিন পর বাংলাদেশে ফের পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছিল ভারত সরকার।

 

এগ্রিকেয়ার/এমএইচ