
কৃষিবিদ মো. তৌফিক আরেফীন, এগ্রিকেয়ার২৪.কম: ফসলে পুষ্টি উপাদান সরবরাহের জন্য জমিতে সার প্রয়োগ করতে হয়। কিন্তু সে সার যদি ভেজালযুক্ত হয় তাহলে কোন সুফল পাওয়া যায় না। কৃষকরা ভেজালমুক্ত ইউরিয়া, টিএসপি ও বোরন সার চিনবেন যেভাবে সে বিষয়ে আজকের আলোচনা।
ভেজাল সার চেনার উপায়
অধিক ফসল উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের চাষ বৃদ্ধি পেয়েছে। ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরি ও বিক্রি করছেন। কৃষকভাইয়েরা একটু সতর্ক হলেই আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন। এখানে কয়েকটি সহজ পরীক্ষার মাধ্যমে আসল বা ভেজাল সার শনাক্ত করার উপায় সম্পর্কে জানানো হলো:
পড়তে পারেন: বছরে সারে ভর্তুকি ৩০ হাজার কোটি টাকা
ইউরিয়া সার চেনার উপায়:
আসল ইউরিয়া সারের দানাগুলো সমান হয়। তাই কেনার সময় প্রথমেই দেখে নিতে হবে যে সারের দানাগুলো সমান কিনা। ইউরিয়া সারে কাঁচের গুড়া অথবা লবণ ভেজাল হিসাবে যোগ করা হয়। চা চামচে অল্প পরিমান ইউরিয়া সার নিয়ে তাপ দিলে এক মিনিটের মধ্যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ তৈরি হয়ে সারটি গলে যাবে। যদি ঝাঁঝালো গন্ধ সহ গলে না যায়, তবে বুঝতে হবে সারটি ভেজাল।
টিএসপি সার চেনার উপায়:
টিএসপি সার পানিতে মিশালে সাথে সাথে গলবে না। আসল টিএসপি সার ৪ থেকে ৫ ঘন্টা পর পানির সাথে মিশবে। কিন্তু ভেজাল টিএসপি সার পানির সাথে মিশালে অল্প কিছুক্ষণের মধ্যেই গলে যাবে বা পানির সাথে মিশে যাবে।
পড়তে পারেন: আম গাছে সার প্রয়োগ পদ্ধতি ও ফুল-ফল ঝরা রোধে আগাম করণীয়
বোরন সার চেনার উপায়:
বোরন সার চেনার উপায় ১ গ্লাস পানিতে ১ চা চামচ বোরন সার বা বোরিক এসিড বা সলুবর মিশাতে হবে। যদি স্বচ্ছ দ্রবণ তৈরি হয় এবং কোনো তলানি না পড়ে তাহলে বুঝা যাবে বোরন সারটি ভালো। তবে নিশ্চিত হবার জন্য ১ চিমটি বেরিয়াম ক্লোরাইড বোরন সারের দ্রবণে মিশালে যদি পরিষ্কার দ্রবণ তৈরি হয়। তবে সারটিতে ভেজাল নেই।
আর যদি সারটি সোডিয়াম সালফেট দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে দ্রবণটি দুধের মতো সাদা হয়ে যাবে। তার মানে বোরন সারটি ভেজাল। আশা করি বোরন সার ভেজাল কি না সে পরীক্ষাটি এখন করতে পারবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক প্রশ্ন কৃষি কল সেন্টার হতে প্রাপ্ত তথ্যের সমাধান দিয়েছেন কৃষি তথ্য সার্ভিসের উপপ্রধান তথ্য অফিসার কৃষিবিদ মো. তৌফিক আরেফীন।
এগ্রিকেয়ার/এমএইচ
























