ডেস্ক প্রতিবেদ,এগ্রিকেয়ার২৪.কম:
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় দিনব্যাপী অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়েছে। পরে এসব নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার মেঘনা নদীর কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়।

উপজেলা সিনিয়র মৎস কার্যালয় সূত্রে জানা যায়, দেশব্যাপী মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ক্রয়, বিক্রয়, পরিবহন, আহরণ নিষিদ্ধ। এর অংশ হিসেবে মা ইলিশ রক্ষায় শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালীপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০টি রিং জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ছাইদা আক্তার পরাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, নৌপুলিশ থানার এসআই আব্দুল কুদ্দুস প্রমুখ।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ছাইদা আক্তার পরাগ জানান, সারাদেশে মা ইলিশ মাছ রক্ষায় অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার কারেন্ট জাল ও ৩০টি রিং জাল জব্দ করা হয়েছে। মা মাছ রক্ষায় এই ধরনের অভিযান চলবে।