ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম:
মৎস্য শিল্প বিদেশে রপ্তানি উপযোগী করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও নীতিমালা গ্রহণ করার সময় এসেছে। সরকার এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার দিনব্যাপী রাজশাহী অঞ্চলের মৎস্য শিল্প রপ্তানিমূখী পণ্য হিসেবে সংযোগ স্থাপনের জন্য ফিশারিজ অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বাণিজ্যিক মৎস্য চাষি সমবায় সমিতির যৌথ আয়োজনে আন্তর্জাতিক মৎস্য সামিট ও মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “রাজশাহীর চাষিরা বাংলাদেশের মৎস্য চাষে যুগান্তকারী পরিবর্তন করেছেন। বিদেশনির্ভর বড় আকারের রুই থেকে রাজশাহীর জীবন্ত রুইজাতীয় মাছ আজ দেশের আনাচে-কানাচে ছড়িয়েছে। আজ সময় এসেছে বিদেশে রপ্তানি উপযোগী করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি, নীতিমালা গ্রহণ করা।”
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাবি উপাচার্য সালেহ হাসান নকিব বলেন, “বাংলাদেশের মৎস্য চাষের বিকাশে এবং স্বাদুপানির মাছ রপ্তানিতে আজকের এই সামিট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য অধিদপ্তর ঢাকার মহাপরিচালক আব্দুর রউফ বলেন, “আজকের এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
অনুষ্ঠানের সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, “বাংলাদেশের প্রেক্ষিতে একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এমন আয়োজন এবারই প্রথম। আমাদের বিশ্বাস এই উদ্যোগ দেশের রপ্তানি শিল্পে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবি ফিশারিজ বিভাগের শিক্ষক মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন উপ-উপাচার্য মোহাম্মদ মাইন উদ্দিন এবং মো. ফরিদ উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ।
স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব অক্ষয় কুমার সরকার।
উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, বাংলাদেশ ফ্রজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি এসকে কামরুল আলম, রাজশাহী বাণিজ্যিক মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি সাদিকুল ইসলাম প্রমুখ।

টেকসই মৎস্য পালন ও রপ্তানির জন্য অংশীজনদের সংযোগ স্থাপন করতে রাজশাহীতে এ আয়োজন। সামিটে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড এবং আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, মৎস্য চাষি, আমদানি ও রপ্তানিকারক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকরা উপস্থিত থেকে রাজশাহী অঞ্চলের মৎস্য চাষ ও এর রপ্তানি বাজার সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

সামিটের মেলায় সংশ্লিষ্ট ২৫টি কোম্পানি (ফিড, একুয়া মেডিসিন, যন্ত্রপাতি) তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে। এই সম্মেলন থেকে একটি সুপারিশমালা সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এগ্রিকেয়ার/ আরিফ