
এগ্রিকেয়ার ডেস্ক: ইউরোপের ডিম ও লেয়ার মুরগি শিল্পের ভবিষ্যৎ, রোগ নিয়ন্ত্রণ এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করেছে প্রাণিস্বাস্থ্য প্রতিষ্ঠান সেভা অ্যানিমেল হেলথ। এতে ইউরোপজুড়ে পোল্ট্রি খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।
ফ্রান্সের লিবোর্নে সেভার নতুন আন্তর্জাতিক সদর দপ্তর ‘পালস’-এ অনুষ্ঠিত ইউরোপিয়ান লেয়ার সিম্পোজিয়ামে পশুচিকিৎসক, উৎপাদন প্রতিষ্ঠান, গবেষক ও শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীদার একত্রিত হন। ইউরোপের লেয়ার খামারগুলোতে স্যালমোনেলা ও উচ্চমাত্রার বার্ড ফ্লু (এইচপিএআই) সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়েই মূলত আলোচনা হয়।
সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক নানা কৌশল নিয়ে মতবিনিময় করেন, যাতে লেয়ার মুরগির উৎপাদন সক্ষমতা বজায় রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসই উৎপাদন নিশ্চিত করা যায়। আলোচনায় বাজার পরিস্থিতি, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা, উৎপাদন ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠা স্যালমোনেলা সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয় উঠে আসে।
বিশেষজ্ঞরা জানান, স্যালমোনেলা নিয়ন্ত্রণে খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে সমন্বিত কৌশল প্রয়োজন। পাশাপাশি প্রাণী, মানুষ ও পরিবেশের জন্য বড় ঝুঁকি হয়ে ওঠা উচ্চমাত্রার বার্ড ফ্লু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সেভার পোল্ট্রি ইউরোপের ভাইস প্রেসিডেন্ট নিকোলা কাদিয়্যু বলেন, এই সিম্পোজিয়াম শুধু একটি আলোচনা সভা নয়, বরং ডিম শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব অংশীজনকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, পোল্ট্রি স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ভাবনী ও সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে ইউরোপের পোল্ট্রি খাতের ভবিষ্যৎ গড়ে তুলতে চায় সেভা।
সিম্পোজিয়ামে বক্তারা ‘ওয়ান হেলথ’ ধারণাভিত্তিক সমন্বিত কৌশলের ওপর গুরুত্ব দেন। তাদের মতে, রোগের ঝুঁকি, বাজারের অস্থিরতা এবং পরিবেশগত নানা চ্যালেঞ্জ মিলিয়ে পোল্ট্রি শিল্পের জন্য এই সমন্বিত পদ্ধতি এখন অপরিহার্য হয়ে উঠেছে।
এ জন্য স্যালমোনেলা ও এইচপিএআই সংক্রমণ পর্যবেক্ষণে বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত নজরদারি জোরদার করার আহ্বান জানান তারা। পাশাপাশি পরিবর্তিত ঝুঁকি বিবেচনায় উন্নত বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণ, টিকাদান কৌশলে বিনিয়োগ এবং সীমান্তপারের তথ্য সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সেভার পোল্ট্রি করপোরেট মার্কেটিং পরিচালক প্যাসকাল পাউলে বলেন, ইউরোপের লেয়ার খামারিরা ইতোমধ্যে ‘ওয়ান হেলথ’ নীতিমালা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। এ ধরনের আয়োজন সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
সূত্র: পোল্ট্রি ওয়ার্ল্ড
























