নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। গতকার ৩ আগস্ট দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আগামীকালও সারাদেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। সেইসাথে স্বল্প বন্যার পূর্বাভাস দিয়েছে দপ্তরটি।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। অন্যদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় বুধবার সকালে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পড়তে পারেন: পাট জাগে পুকুর ভাড়া, বিঘায় গুণতে হচ্ছে দেড় হাজার!

সেই পূর্বাভাসে বলা হয়েছে, চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুর ৪৮ মিলিমিটার। আজ ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ। ফলে বৃষ্টির সম্ভবনা বেশি রয়েছে। আজ শ্রীমঙ্গল ৮, ঢাকা ৪, নেত্রকোনায় ৪০ মিলি, সিলেট ১৩ মিলিমিটা বৃষ্টি হয়েছে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।

এগ্রিকেয়ার/এমএইচ