অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশীয় বাজারে গমের চাহিদা বেশি। মানুষের পাশাপাশি গোখাদ্য, মাছ ও হাঁস-মুরগির খাবার হিসেবেও ব্যবহার বাড়ছে গমের। ফলে বছরের ব্যবধানে গমের আমদানি বেড়েছে ৫ গুণ।

২০২১-২২ অর্থবছর ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি আগের বছরের তুলনায় প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়েছে। ব্যবসায়ী ও মিলাররা বলছেন, দেশীয় বাজারে চাহিদা বেশি থাকায় আমদানিতে এ উল্লম্ফন দেখা দিয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭০২ টন, যার মূল্য ১ হাজার ৫৭২ কোটি ৩৬ লাখ টাকা। আগের অর্থবছর এ বন্দর দিয়ে গম আমদানি হয় ১ লাখ ৭৮ হাজার ৮৭৩ টন, যার মূল্য ৪৮৩ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে আমদানি বেড়েছে পাঁচ গুণ।

পড়তে পারেন: ভারত থেকে ঢুকছে গম, কমেছে দাম

ভোমরা স্থলবন্দরের গম আমদানিকারক হারু ঘোষ জানান, দেশীয় বাজারে গমের চাহিদা বেশি। মানুষের পাশাপাশি গোখাদ্য, মাছ ও হাঁস-মুরগির খাবার হিসেবেও ব্যবহার বাড়ছে গমের। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে পণ্যটির দাম বেড়েছে। গত বছরের এ সময় প্রতি কেজি গম ২৬-২৭ টাকায় বিক্রি হয়েছিল। এ বছর তা বেড়ে ৩৬-৩৭ টাকায় উন্নীত হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানন, সদ্য বিদায়ী অর্থবছরে গম আমদানি বেড়েছে কয়েক গুণ। কিন্তু পণ্যটি আমদানি করলে সরকারের কোনো রাজস্ব আসে না। কৃষিপণ্য হিসেবে এটি শুল্কমুক্ত।

এগ্রিকেয়ার/এমএইচ