নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল কয়েক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন ও আগামী ৫দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ১১৩ মিলিমিটার। ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি ছাড়া ঢাকা বিভাগের কোথাও বৃষ্টি হয়নি। ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ জেনে নিন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ