
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল দেশের ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২১ জুন ২০২১) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, “ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।”
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্ট ৭৮ মিলিমিটার।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১২ মিনিটে।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে।
সিনপটিক অবস্থা :মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এগ্রিকেয়ার/ এমএএইচ
























