নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৯ জেলা ও দুই বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে ঘন কুয়াশার কারণে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে বিরাজ করছে তীব্র শীতের অনুভূতি।এ পরিস্থিতিও অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানান, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

তিনি আরোও জানান, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়া। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ