নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নতুন বছরে তাপমাত্রা কমেছে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের কয়েক জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। একইসঙ্গে সকালে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকায় ঘন কুয়াশা অব্যাহত রয়েছে।

আজ সোমবার (২ জানুয়ারি) আবহাওয়াবিদ আব্দুর রহমান এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, বর্তমানে যেরকম তাপমাত্রা ও আবহাওয়া রয়েছে তাতে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ৭ দিনের মধ্যে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আরও প্রশমিত হতে পারে। দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সোমবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

তিনি জানান, গতকালের মতো আজ সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

এগ্রিকেয়ার/এমএইচ