নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। গতকালের ন্যায় আজও সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২০ জুন) আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা খাতুন এগ্রিকেয়ার২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই আবহাওয়াবিদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় । এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২ থেকে ৩ ভারী বৃষ্টি চলমান থাকবে। এরপর কিছুটা কমার পর আবার বাড়বে। সিলেটে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার।

পূর্বাভাসে জানান, আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবলবিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: সিলেটে সাড়ে ৪ লাখ মুরগি ও ২ লাখ গরু পানির নিচে

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আফরোজা সুলতানা বলেন, ৮৯ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সিলেট অঞ্চলে বন্যা উপদ্রুত মানুষকে রক্ষায় গতকাল থেকে সেনাবাহিনী নামানো হয়েছে। গতকাল দেওয়া বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও দু-তিন দিন ধরে অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে।

পড়তে পারেন: জানা গেলো সিলেটে ভয়াবহ বন্যার ‘কারণ’

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকা ও আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের প্রবল বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে।

গতকাল সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১% আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১১ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে । বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ