
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার। এতোদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস করেছেন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংক লেনদেন পরিচালিত হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। কিন্তু আজ থেকে নতুন নতুন সময়সূচিতে অফিস চলবে।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য।
বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখনো সেটাই আছে। এখন এটা ৯টা-৪টা করে দেওয়া হলো। কারণ, শীতকালে ৮টার সময় অফিসে আসতে অসুবিধা হবে। এর আগে, গত ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।
স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।
শীত আসায় গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। সেই অনুযায়ী আজ থেকে অফিস চলবে।
এগ্রিকেয়ার/এমএইচ
























