নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতিতে এবার আম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষী ও ব্যবসায়ীরা। আমবাগানগুলোতে মাঝারী সাইজের আমের গুটিতে ভরপুর। ফলন নিয়ে হতাশার পাশাপাশি করোনার প্রভাবে বাজারের পরিস্থিতি ভালো থাকবে কিনা তা নিয়েই হতাশায় রয়েছেন। এতে চলতি মৌসুমে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আমচাষী ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আমবাগানের পরিমান ৩৩ হাজার ৩৫ হেক্টর। গত বছর ছিল ৩১ হাজার ৮’শ ২০ হেক্টর এবং গাছের সংখ্যা প্রায় ২৫ লাখ ৩৯ হাজার ৬’শ ৩০। জেলার আমবাগানগুলোতে নানা জাতের আমের গুটি অনেকটাই বড় হয়ে গেছে। জৈষ্ঠ্য মাসে বাজারে উঠতে শুরু করবে আম। জেলার প্রধান অর্থকরী ফসল হওয়ায় এই আমকে ঘিরেই এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনার কারণে এ অঞ্চলের মানুষের মুখে যেন হাসি নেই।

জেলা শহরের আম ব্যবসায়ী আব্দুল কাইউম বিশ্বাস জানান, চলতি বছর গাছে গাছে আম পর্যাপ্ত হলেও আমের বাজারজাত নিয়ে শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। আম মৌসুম জুড়ে লেনদেন হয় কয়েক হাজার কোটি টাকা। এতে চাঙ্গা হয় জেলার অর্থনীতি। মৌসুমের শুরু থেকেই বাগানের আম বিক্রি হয় এবং কয়েকবার হাত বদলও হয়। কিন্তু এবার করোনার প্রভাবে সবকিছুই গরমিল। আম বাজারজাত না করতে পারার আশঙ্কায় খরচ করে পরিচর্যাও বন্ধ রেখেছেন অনেক চাষি।

কানসাট আম আড়তদার সমিতির সভাপতি কাজী এমদাদ বলেন, আম বাজারজাত করনে এবার প্রস্তুতি ভালোই ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে আমের বাজারজাতকরণ ও দাম না পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন এখানকার আমচাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের এ সময়টাতে কানসাট আমবাজার ও আড়তগুলোতে আমবাগান কেনা-বেচাকে ঘিরে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেলেও, এবার নেই কোন কর্ম-ব্যস্ততা। তাই আমের বাজারজাতকরণে আগাম পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন আড়তদাররা।

আমবাগান মালিক হারুন অর রশীদ জানান, এবছর আমগাছে আশানুরুপ গুটি এসেছে, বৃষ্টি হওয়ায় আমের জন্য ভাল হয়েছে। কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে আমের ফলন ভালোই হবে। আর এখন পর্যন্ত পোকার আক্রমণ না থাকায় আমগাছগুলোতে বাড়তি স্প্রে করা লাগছে না।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক নজরুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কম জানান, সবকিছু মিলিয়েই ভালো ফলনের আশা করা যাচ্ছে। আম ব্যবসায়ী ও বাগান মালিকদের আশস্ত করা হয়েছে, আম যাতে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে বাজারজাত করতে পারে। তিনি আরো বলেন, এবছর প্রায় পৌনে ২ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন আহম্মদ জানান, আম উৎপাদনে আমচাষিরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেদিক বিবেচনা করে বাগান ঘুরে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে।