নিজস্ব প্রতিবেদক, ঢাকা:  রাজধানীতে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ খাতসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন চৌধুরীর একমাত্র ছেলে আরহাম ইব্রাহীম চৌধুরী তেলাওয়াত পরিবেশন করেন।

স্বাগত বক্তব্যে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানির পরিচালক মো. গিয়াস উদ্দিন খান বলেন, ২০২০ সালে আস্থা ফিডের কার্যক্রম শুরু হয়। অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম বিস্তার করে খামারি ও ডিলারদের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত, আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের আন্তরিক সহযোগিতাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।” ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন চৌধুরী বলেন, “আমরা রমজানে রোজা রাখি সওয়াব, বরকত ও মাগফেরাতের প্রত্যাশায়; তেমনি ব্যবসা পরিচালনা করি দেশ ও মানুষের কল্যাণের উদ্দেশ্যে।” তিনি সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন সংশ্লিষ্ট খাতের অংশীজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে। রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিল কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।