
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। প্রতি কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। আসন্ন ঈদকে সামনে রেখে ক্রেতার চাপ বাড়ায় বাজারে এমন ঊর্ধ্বগতি দেখা গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগ মুহূর্তে বাজারে ক্রেতার ভিড় বেড়েছে। অনেকেই আগেভাগে মাছ কিনে সংরক্ষণ করছেন। এতে সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে দামে।
বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ২২০ টাকায়, যা আগের দিন ছিল ১৮০ টাকা। পাঙ্গাস বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়, আগের দিন ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। কই মাছের দামও বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়, যা একদিন আগে ছিল ১৮০ টাকা।
রুই মাছ আকারভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়, আগের দিন ছিল ২৫০ থেকে ৩৫০ টাকা। কাতল মাছ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়, যা আগের দিন ছিল ৩০০ থেকে ৪০০ টাকা।
এ ছাড়া আকারভেদে ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা, ৯০০ গ্রাম ২ হাজার টাকা এবং আধা কেজি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৮০০ টাকা দরে।
অন্যান্য মাছের মধ্যে মিড়কা মাছ বিক্রি হয়েছে ৩০০ টাকায়, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, আইড় ৮০০ থেকে ৯০০ টাকা, শোল ৭০০ থেকে ১ হাজার টাকা এবং টেংরা মাছ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের তথ্য অনুযায়ী, এসব মাছের প্রায় সবকটির দামই আগের দিনের তুলনায় ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
























