
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বাজারে বেড়েছে মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মুরগির দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কেজিতে প্রায় ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে।
সোনালি (পাকিস্তানি) মুরগিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৩৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২৮০ থেকে ২৯০ টাকা।
লেয়ার মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ২৮০ টাকা।
এ ছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৭০ টাকায়। এক সপ্তাহ আগে একই মুরগি বিক্রি হয়েছিল প্রায় ৬৪০ টাকায়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে মুরগির দাম কমার কোন সম্ভাবনা নেই, তবে কেজি প্রতি আরও ১০ থেকে ২০ টাকা দাম বাড়তে পারে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সরবরাহ ও খরচ বাড়ার প্রভাবেই মুরগির বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
























