
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেশি হয়েছে। তবে তাপপ্রবাহ আরও দু-তিন দিন থাকতে পারে।। দপ্তরের বেঁধে দেওয়া সময় পর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. একেএম নাজমুল হক জানান, উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পড়তে পারেন: জানুন বারি উদ্ভাবিত উচ্চফলনশীল ১০টি ভুট্টার জাত সম্পর্কে
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের সক্রিয় রয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, তাপপ্রবাহ বয়ে যাওয়ার অঞ্চল কিছুটা কমেছে। ঢাকায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টি হয়েছে। ফলে ঢাকা জেলা ও চট্টগ্রাম বিভাগ থেকে তাপপ্রবাহ আপাতত চলে গেছে। তা ছাড়া গতকাল বাতাস একটু বেশি থাকার কারণে লোকজনের মধ্যে গরম লাগার অনুভূতিও কিছুটা কমেছে। তবে রাজশাহী, রংপুর ও সিলেটের যে এলাকাগুলোয় তাপপ্রবাহ ছিল, সেখানে এখনো তা আছে।
আগামী রবি বা সোমবারের পর থেকে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি বাড়লে গরম সহনীয় পর্যায়ে চলে আসবে।
গতকাল দেশের ২৩টি অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায় ১৮ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়ছে, তা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে দেশে আগামী পাঁচ দিনে বন্যা হওয়ার ঝুঁকি নেই।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল বদলগাছী ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়া ১৮ মিলিমিটার।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২০ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























